এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দেড় বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। ঋণের অর্থ দিয়ে দেশে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে কক্সবাজারকে যুক্ত করা হবে। এর ফলে পর্যটন শিল্পসহ ব্যবসা বাণিজ্যে উন্নয়ন, মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ সহজ হবে। খবর- রয়টার্সের।
২০২২ সাল পর্যন্ত চার কিস্তিতে এই অর্থ বাংলাদেশকে দেবে এডিবি। আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাটি বাংলাদেশকে এর আগে কখনো এতো বড় ঋণ দেয়নি। সেই সঙ্গে বিশ্বব্যাপী রেলওয়ে প্রকল্পে এটাই এডিবির সবচেয়ে বড় ঋণ।
এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান পরিবহন বিশেষজ্ঞ মার্কাস রোসনার বলেন, পরিকল্পিত ১০২ কিলোমিটার রেলপথ পর্যটন শহর কক্সবাজারকে রেল নেটওয়ার্কে যুক্ত করবে। আমরা আশা করছি এর ফলে বাৎসরিক অন্তত পাঁচ শতাংশ পর্যটন বৃদ্ধি পাবে যা ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের বিশাল সুযোগ তৈরি করবে।'
নতুন এই রেল লাইনটি ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের অংশ হবে। রেলপথের মাধ্যমে ইউরোপকে এশিয়ার সঙ্গে যুক্ত করতে ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের নেতৃত্বে কাজ চলছে। ইত্তেফাক/এমএএস