ব্লু-ইকনোমির সম্ভাবনা কাজে লাগাতে হবে: পরিকল্পনামন্ত্রী

 
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাদের রফতানি বাণিজ্য একটি খাতের ওপর  নির্ভরশীল। এ পরিস্থিতির বহুমাত্রিকতা আনা প্রয়োজন। বাংলাদেশের বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগাতে লাগসই পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন অপরিহার্য। চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া ও সিসিলিসহ পৃথিবীর বিভিন্ন দেশ ব্লু ইকনোমি কাজে লাগিয়ে নিজ নিজ অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে। আমাদেরকেরও এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
 
বুধবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা বিভাগ আয়োজিত ব্লু ইকনোমি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরিকল্পনা সচিব তারিক উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এর সচিব মো. খুরশেদ আলম। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ , বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ ভু-তাত্বিক জরিপ অধিদফতর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।