ধুনটে ১০ টাকা দরের চাল বোঝাই ট্রাক জব্দ

বগুড়ার ধুনট উপজেলায় ব্যবসায়ীর গুদাম থেকে পাচারকালে সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বোঝাই একটি ট্রাক  জব্দ করেছে পুলিশ।
 
বুধবার দুপুর ১টার দিকে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন ব্যবসায়ী বাদল সাহার গুদামের সামনে থেকে ৫০ কেজি ওজনের ৯০ বস্তা চাল ভর্তি ট্রাক জব্দ করা হয়।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করেন খাদ্য বিভাগ।  মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ২০টি পয়েন্ট থেকে সুবিধাভোগী প্রত্যেক কার্ডধারীর নিকট ১০ টাকা দরে ৩০ কেজি করে এই চাল বিক্রয় করেন ডিলাররা।
 
এদিকে, বুধবার দুপুরে ব্যবসায়ী বাদলের গুদাম ঘর থেকে পাচারের উদ্দ্যেশে ১০ টাকা কেজি দরের চালের বস্তা দিগন্ত প্রমি নামে একটি ট্রাকে তুলতে থাকেন স্থানীয় কুলি শ্রমিকেরা। এ সময় খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে সটকে পড়েন অসাধু ব্যবসায়ীরা। পরে ৫০ কেজি ওজনের ৯০ বস্তা (৪ হাজার ৫০০ কেজি) চালসহ একটি ট্রাক জব্দ করে থানায় হেফাজতে নিয়েছে পুলিশ।
 
এ বিষয়ে ব্যবসায়ী বাদল সাহা বলেন, মঙ্গলবার সারা দিন কার্ডধারীদের নিকট থেকে ১০ টাকা কেজি দরের এই চাল ২৮ টাকা কেজি দরে কিনে নিয়েছি।
 
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি