স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদকে জানিয়েছেন, বিশ্বে এ পর্যন্ত ৮৮টি দেশে জিকা ভাইরাস আছে বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশসহ এশিয়ার সবকটি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশ এই মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণমুক্ত রয়েছে।
বুধবার সংসদে প্রশ্নোত্তরকালে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য দেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম জানান, সরকারি হিসেবে বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত রোগী ৪ হাজার ১৪৩ জন, এরমধ্যে মৃতের সংখ্যা ৬৫৮ জন। চিকিত্সা সেবা ও এইচআইভি সনাক্তকরণ কার্যক্রম সরকারি ১২টি হাসপাতালের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার মধ্যে ৪টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।