পাবনার সুজানগর উপজেলায় এক চালককে খুন করে তার ইঞ্জিন চালিত ভ্যান গাড়িটি ও ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহত ইমন (১০) উপজেলার কাকিয়ান গ্রামের দিনমজুর আয়েন উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভিটবিলা গ্রামের জামাল উদ্দিন খানের ধান ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুরে ইমন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ মুখে টেপ লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, ছিনতাইকারীরা ইমনকে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যান গাড়ি ও মোবাইল ছিনিয়ে নেয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ