সাড়ে এগারো মাসের মধ্যে সর্বোচ্চ ডিএসইর সার্বিক মূল্য সূচক

পুঁজিবাজারে বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৪ পয়েন্ট। এতে ডিএসইর সার্বিক মূল্য সূচক ৪ হাজার ৬৯৫ পয়েন্টে উঠে এসেছে। যা গত সাড়ে ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৮১ কোটি টাকা। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি টাকা। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ১৮৯ কোটি ৫০ লাখ টাকা বা ৩৯ শতাংশ। এই লেনদেন চলতি বছরের ২০ জানুয়ারির পর সর্বোচ্চ। ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এমজেএল বিডি’র ১৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। 
 
বৃহস্পতিবার ডিএসইতে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের। এদিন কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৬ শতাংশ। বুধবার ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২ দশমিক ৫ টাকা। দিনশষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ টাকায়। দর বাড়ার শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে ৭ দশমিক ৮৫ শতাংশ। ইভিন্স টেক্সটাইলের ৬ দশমিক ৪৭ শতাংশ, বে লীজিংয়ের ৬ দশমিক ৪২ শতাংশ, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৩৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ১৭ শতাংশ এবং প্যারামাউন্ট  টেক্সটাইলের ৬ দশমিক ১৫ শতাংশ।
 
এদিকে সিএসই’র সিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে ৩২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
 
 
 
ইত্তেফাক/এমআই