জ্বালানি প্রতিমন্ত্রীর হঠাৎ পেট্রোল পাম্প পরিদর্শন

ভেজাল তেল প্রতিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীতে একটি তেলের পাম্প স্টেশন পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 
 
এ সময় তিনি বলেন, জ্বালানি তেলে ভেজাল প্রতিরোধে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জেলা পর্যায়ে ব্যাপক হারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে ৩টি ফিলিং স্টেশনের ডিলারশীপ বাতিল ও ডিলারদের জ্বালানি তেল বিপণনের ১২টি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া জ্বালানি তেল বিক্রয়ের ২২৪টি এজেন্ট বাতিল এবং ২০৫টি এজেন্টের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 
 
রাজধানীর পরীবাগে মেঘনা পেট্রোল পাম্পে প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে পাম্পের পেট্রোল-অকটেন পরীক্ষণে দেখা যায়, এর অকটেনে আরওএন/গ্রেড ৯৩.০৯ ও পেট্রোলের ক্ষেত্রে ৮৬.৮৪ পাওয়া গেছে। এটি সন্তোষজনক। এফটিআইআর এনালাইজার দিয়ে এ পরীক্ষণ করা হয়। 
 
এ সময় নসরুল হামিদ বলেন, মান সম্পন্ন জ্বালানি গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হবে। সকল ডিপো ও পাম্পে নজরদারি করা হচ্ছে। জেলা পর্যায়ে ব্যাপক হারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যে সব পেট্রোল পাম্প ভেজাল তেল দেয় বা পরিমাণে কম দেয় তাদের পাম্প বন্ধ করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। তিনি জানান, ভেজাল তেল ব্যবসায় জড়িত থাকায় ইতিমধ্যে ৩৫৮টি প্যাক পয়েন্ট ডিলারশীপ বাতিল এবং প্যাক পয়েন্টের ১৫৫টি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। 
 
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আহসান জব্বার।
 
 
 
ইত্তেফাক/এমআই