সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আঘদীঘলগ্রামে খাস জলাভূমি দখল নিয়ে নাসির উদ্দিন মাস্টারের সঙ্গে আব্দুস ছামাদ সরদারের সংঘর্ষ ঘটে। এসময় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে খোকন সরদার ও নান্নু সরদারসহ ১০ জন আহত হয়। গ্রামের বাজারের খোকন সরদারের দোকান ভাংচুর ও লুটপাট করা হয় একই সঙ্গে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহত খোকন ও নান্নুকে উল্লাপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নাসির উদ্দিন মাস্টারকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাসির উদ্দিন উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, গ্রামের প্রায় ২০ বিঘা খাস জমি ও জলাভূমি নিয়ে উল্লিখিত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোলযোগ চলে আসছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আব্দুস ছামাদ সরদারের পক্ষ থেকে আবু মুসা বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।