অবশেষে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে দলটি গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। সেখান থেকে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়।
ইংল্যান্ডের ৪৩ সদস্যের এ দলে আছেন ২১ জন কর্মকর্তা। কোচিং স্টাফ, ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা ছাড়াও দলটিতে আছেন নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। গুলশানের এক রেস্তোরাঁয় জঙ্গি হামলার কারণে মাঝে সফরটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত সফরটি শুরু হলো।
যদিও এ কারণে তাদের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মর্গান ও ওপেনার অ্যালেক্স হেলস নিরাপত্তা ভীতির কারণে বাংলাদেশ সফরে আসেননি। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান জস বাটলার। অপরদিকে টেস্ট দলের অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক।
ঢাকার অদূরে ফতুল্লায় ৪ অক্টোবর বিসিবি একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ৭ ও ৯ অক্টোবর মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর হবে সিরিজের শেষ ওয়ানডেটি। সবগুলো ওয়ানডে দিনরাত্রির। চট্টগ্রামের ভেন্যুতে ২০ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ঢাকায়, ২৮ অক্টোবর।