ভোলার মনপুরায় মেঘনা নদীতে জলদস্যু আলাউদ্দিন বাহিনীর জেলেদের ওপর হামলার ঘটনায় এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
শুক্রবার রাত ৩ টার দিকে মিয়া জমিরশাহ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় ছয় জেলে মনপুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধ কামাল মাঝির মৃতদেহ মেঘনায় পাওয়া গেছে।
হাসপাতালে আহত জেলে সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কামাল মাঝি ৯ জন জেলে নিয়ে মনপুরার মিয়া জমিরশাহ এলাকায় মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানা শেষ হলে একটি ট্রলার তাদের ধাওয়া করে। জেলেরা বুঝতে পরেন জলদস্যুরা তাদের ধাওয়া করছেন। তারা দ্রুত ইঞ্জিন চালিয়ে আসার পথে পেছন থেকে জলদস্যুরা এলোপাথারি গুলি ছোড়েন। এতে ট্রলারে থাকা কামাল মাঝি গুলির আঘাতে মেঘনায় পড়ে যান।
অপরদিকে ট্রলারে থাকা জেলে মো. মহিউদ্দিন, রুবেল, হোসেন, নয়ন, জুয়েল ও সাইফুল জলদস্যুদের গুলিতে গুরুতর আহত হন।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা এস আই মোফাজ্জল হোসেন বলেন, 'আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
ইত্তেফাক/কেকে