পার্টিতে যোগ দেয়ার দাওয়াত পাননি, কিন্তু তবুও সদ্য সাবেক প্রেমিক রণবীর কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেননি ক্যাটরিনা কাইফ!
রণবীরের জন্মদিনের আগের দিন তারা দুজনেই 'জগ্গা জাসুস'-এর শুটিং করছিলেন। শুটিং এর সময় দুজনে যতটা পারেন দুজনকে এড়িয়ে চলেন। তবে মুখোমুখি হলে অল্প কয়েকটা কথাও বিনিময় করেন। যাইহোক, সেদিন শুটিং-এ গিয়ে ক্যাটরিনা জানতে পারেন ছবির কলাকুশলীরা মধ্যরাতে রণবীরের জন্য একটা 'সারপ্রাইজ বার্থডে পার্টি'র আয়োজন করেছেন। এটা শুনে রাত ১০টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান ক্যাট। তবে যাওয়ার আগে তিনি নিজে গিয়ে রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ছবির সেটে উপস্থিত একজন জানিয়েছেন, 'শুটিং শেষ হওয়া মাত্র ক্যাটরিনা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যান। আমরা সবাই চেয়েছিলাম তিনিও উপস্থিত থাকুন কেক কাটার সময়। কিন্তু তিনি বেরিয়ে গেলেন। তাকে দাওয়াত না করার জন্যই হয়ত বেরিয়ে গিয়েছিলেন। তবে যাওয়ার আগে তিনি রণবীরকে উইশ করেন।'
একই সঙ্গে ক্যাটরিনা রণবীরের জন্মদিনের দিন ফেসবুকে একটা মেসেজ পোস্ট করেন। এমনিতে তিনি ফেসবুকে শুধু নিজের ছবি এবং সঙ্গে ‘গুড মর্নিং' জাতীয় স্ট্যাটাস পোস্ট করেন। কিন্তু সেদিন তিনি হঠাৎ নিজের একটা ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, 'সামটাইমস ইট'স নট হোয়াট ইউ লুক অ্যাট, ইট'স হোয়াট ইউ সি...'।
ইত্তেফাক/এএম