লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিজাম উদ্দিন ওরফে বিলাই নিজাম (২৮) নামে এক জলদস্যু নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিবিরহাট-রামগতিরহাট সড়কে নুরু মিয়া পন্ডিতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় জলদস্যুদের ফেলে যাওয়া দুই রাউন্ড কার্তুজ, একটি দেশীয় বন্দুক এবং দু'টি ছোরা উদ্ধার করা হয়।
নিহত নিজাম নোয়াখালীর সুবর্নচর উপজেলার জিয়ারচর এলাকার আবদুস সালাম ওরফে মোজাম্মেল হকের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গ্রেফতার করার পর নিজামের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গেলে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে এবং নিজামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ায় উভয় পক্ষের গোলাগুলির সময় অন্যান্য ডাকাতদের গুলিতে নিজাম গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় দু‘টি মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/আরএ