পাবনার সুজানগর উপজেলায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্যা কবলিত হয়ে পড়ায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। এতে যেকোন সময় শিক্ষার্থীরা বড় ধরনের বিপদে পড়তে পারে।
জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের পাড়ে অবস্থিত। সে কারণে বিলে বর্ষার পানি আসামাত্র বিদ্যালয়টি প্রতি বছরিই সম্পূর্ণ বন্যা কবলিত হয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, জুলাই মাসের শুরুতে বিদ্যালয়টি বন্যা কবলিত হয়ে পড়ে। আর বন্যার এই পানি বিদ্যালয়ের চার পাশে থাকে প্রায় নভেম্বর মাস ব্যাপী। এ সময় কমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করা ছাড়া আর কোনো উপায় থাকেনা। রাস্তা এবং বিদ্যালয় মাঠ অত্যন্ত নিচু হওয়ায় বন্যার পানি আসামাত্র তলিয়ে যায়। যে কারণে এ সময় সাঁকো ছাড়া বিদ্যালয়ে যাতায়াতের আর কোনো বিকল্প উপায় থাকেনা। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষক ও শিক্ষার্থীরা সাঁকো পার হয়েই বিদ্যালয়ে যাতায়াত করেন।
উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার বলেন, ‘বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা ও মাঠ সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি সংস্কারের ব্যবস্থা নেয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে। ’
ইত্তেফাক/এএসএমইউ