ভোলা শহরের কালীবাড়ি রোড এলাকার গনি রাজের নির্মানাধীন বাড়ির সেফটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে প্রচণ্ড গ্যাসের চাপে দুইজন শ্রমিক মারা গেছেন। মৃত শ্রমিকরা হলেন— সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো. সোবাহানের ছেলে রাজিব (২২) ও দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের আনসারুল্লা মিয়ার ছেলে আলআমিন (২০)।
এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১১টার দিকে গনি রাজের নির্মানাধীন বাড়ীর সেফটিক ট্যাংকি পরিষ্কার করার জন্য রাজিব ও আল-আমিন নীচে নামেন। এ সময় প্রচণ্ড গ্যাসে তারা অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক ডা. তৌহিদুর রহমান তাদেরকে মৃত ঘোষণা করেন। ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এএম।