১১ বলে তিন উইকেটের পতন!

চটজলদি তিন উইকেট পড়ায় বাংলাদেশের বড় স্কোরের সম্ভাবনা স্তিমিত হয়ে গেছে। মাত্র ১১ বলের ব্যবধানে তিন উইকেটের পতনে ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান।
 
শনিবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের  দলীয় ২৩ রানে সৌম্য সরকারের উইকেটের পতন হয়। মিরওয়াইস আশরাফের বলে মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সৌম্য। কিন্তু এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়ে নিতে থাকেন তামিম। সাব্বির ও তামিমের মধ্যে ১৪০ রানের জুটি ভাঙ্গেন রহমত শাহ। ব্যাটে বলে টাইমিং না হওয়ায় নওরোজ মাঙ্গালের হাতে ধরা পড়ার আগে নিজের তৃতীয় অর্ধশত রান তুলে নিয়েছিলেন সাব্বির, ৭৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৫। দলীয় ১৬৩ রানে সাব্বির ফেরত যাওয়ার পরে সাকিবের সঙ্গে তামিমের জুটি জমে ওঠে। দাওলাত জাদরানের করা ৩৭তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিটি তুলে নেন তামিম।
 
৩৯তম ওভারে তামিম মোহাম্মদ নবীর বলে মারতে গিয়ে নাভিন উল হকের হাতে ধরা পড়েন। দলীয় রান তখন ২১২। ১১৮ বলে ১১৮ রানের ইনিংসের পথে ১১টি চার ও ‍২টি ছক্কা মেরেছেন তিনি। তামিম আউট হওয়ার পরে উইকেটে মড়ক লেগে যায়। ৪৩তম ওভারে দাওলাত জাদরানের করা প্রথম বলে উইকেটের পেছনে মোহাম্মদ শেহজাদের হাতে ধরা পড়ার আগে ১৭ রান করেছিলেন সাকিব। ৪৪তম ওভারের মুশফিকুর রহিম এলবিডব্লিউ হন রশিদ খানের বলে। একই ওভারের পঞ্চম বলে স্টাম্পিংয়ের শিকার হন মোসাদ্দেক। ৪৩তম ওভারের প্রথম বল থেকে ৪৪তম ওভারের পঞ্চম বল পর্যন্ত এই ১১ বলে তিন উইকেটের পতন হয় বাংলাদেশের। 
 
উইকেটে আছেন মাহমুদুল্লাজ রিয়াদ ও মোশাররফ।
 
 
ইত্তেফাক/এসএসএ