পরীক্ষার নম্বরপত্রে অনিয়মের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ ও তার স্ত্রী একই বিভাগের প্রভাষক সোমা দেবকে পাঁচ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের শিক্ষক ছিলেন তানভীর আহমেদ এবং সোমা দেব। কোর্সটির দুটি ইনকোর্সের মধ্যে প্রথম ইনকোর্সের দায়িত্বে ছিলেন তানভীর আহমেদ। সেটির নম্বর তানভীর আহমেদের দেবার কথা থাকলেও নম্বরপত্রে উল্লেখ আছে সোমা দেবের হাতে লেখা নম্বর। সেখানে কয়েকটি নম্বর পরিবর্তন হওয়ায় কাটাকাটি করেন সোমা দেব। কাটাকাটির জায়গাগুলোতে স্বাক্ষরও করেন তিনি। তবে মূল পরীক্ষকের স্বাক্ষর হিসেবে উল্লেখ আছে তানভীর আহমেদের।
নম্বরপত্রে এমন অনিয়মের ফলে ওই বর্ষের ৮ জন শিক্ষার্থী ইনকোর্স দিয়েও কোন নম্বর পায়নি। বিষয়টি নিয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘পরীক্ষার নম্বরপত্রে অস্বচ্ছতার কারণে বিভাগ একটি অভিযোগ দায়ের করেন। সেটি তদন্ত করে প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।’