মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার ধলেশ্বরীতে

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙ্গে একটি প্রাইভেট কার গত শুক্রবার মধ্য রাতে ধলেশ্বরী নদীতে পড়ে যায়। প্রায় ১৫ ঘন্টা পর গতকাল শনিবার বিকালে নিমজ্জিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। তবে ওই সময় চালকের আসনে থাকা জালাল উদ্দিন ভূইয়া রুমীকে (২৫) পাওয়া যায়নি। নিখোঁজ রুমীর সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 
 
রুমী নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হাজী আব্দুর রউফের ছেলে। বাবাকে ব্যবসায় সাহায্য করতেন তিনি।
 
শুক্রবার রাতে চালক মো. রুবেলকে নিয়ে রুমী মুক্তারপুর সেতু ঘুরতে যান। চালক রুবেল জানান, সেতুর দক্ষিণ প্রান্তে এসে দু’জনে তার চা পান করে। পরে সেখানেই তাকে নামিয়ে রেখে রুমী নিজেই গাড়িটি একা ড্রাইভ করতে বের হন। ব্রিজের উপরেই ইউটার্ন করে ফিরে আসার কথা বলে রুমী। ধারণা করা হচ্ছে সেতুর উপর গাড়ি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, রুমী নতুন গাড়ি চালনা শিখেছে। গাড়ির চালনার লাইসেন্সও ছিল না।
 
 

ইত্তেফাক/এএন