বেনাপোলে সড়ক সংস্কার না হওয়ায় আট গ্রামের মানুষের দুর্ভোগ

শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে  সংস্কার না হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। সড়কটির মাঝখানে একটি ছোট ব্রিজ থাকলেও সেটি ভেঙে নষ্ট হয়ে গেছে কয়েক বছর আগে। এলাকাবাসী কয়েকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের কাছে এ সমস্যার কথা জানালেও কোনো কাজ হয়নি। এ সড়কটি দিয়ে প্রতিদিন আট গ্রামের শত শত মানুষ চলাচল করে থাকেন। এলাকাবাসীর বেনাপোল, শার্শা উপজেলা, নাভারন এবং যশোর জেলা শহরে যাওয়ার একটি মাত্র সড়ক এটি। ফলে এ সড়কে চলাচলকারীদের ভোগান্তিরও যেন শেষ নেই।
 
এদিকে প্রতি বছর বর্ষা মৌসুমে উজানের পানি এসে এ সব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হলে এ সড়কটিও  পানিতে তলিয়ে যায়। ইটের সোলিংয়ের এ সড়কটি দিয়ে তখন আটটি গ্রামের মানুষ, গরু, ছাগল ও যানবাহনের চলাচলও বন্ধ হয়ে যায়। কৃষকরা  জমির কোনো আবাদ ঘরে তুলতে পারে না। স্কুল কলেজের শিক্ষার্থীরা  ক্লাসে যেতে পারে না। এ সময় শিশু ও বয়স্ক  রোগীদের নিয়ে এলাকাবাসী বিপাকে পড়ে থাকেন। সাইকেলসহ অন্যান্য জিনিসপত্র  মাথায় বা কাঁধে করে পার করতে হয়। তাইতো দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
 
 
ইত্তেফাক/এএন