বেনাপোল বন্দরে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমটি গঠন

 
বেনাপোল বন্দরে আজ রবিবার ভোরের দিকে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে  বিপুল পরিমাণ ক্ষয়- ক্ষতি হয়েছে। পুড়ে গেছে আমদানিকৃত মালামাল। বন্দরের ২৩ নং শেডটি  পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পুড়ে গেছে ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা কয়েকটি ভারতীয় ট্রাক এবং  বন্দরের বাইরে প্রধান সড়কে রাখা একটি  প্রাইভেট কার। তবে প্রানহানীর কোন ঘটনা ঘটেনি। আগুনের তাপদাহে আতঙ্কে  বন্দর এলাকায় বসবাসকারীরা ঘর ছেড়ে বেরিয়ে আসে।
 
এদিকে  বন্দরের অভ্যন্তরে ২৩ নং শেডের পার্শ্ববর্তী বেনাপোল পোর্ট  থানা ভবনের  কয়েকটি টিন শেড পুড়ে গেছে। তবে থানার তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান  থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান।  আগুন নিভাতে খুলনা বিভাগের  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৩ ঘণ্টা কাজ করে  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
 
IMG0
 
বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, আজ ভোর  ৫টা ৩০ মিনিটের দিকে বেনাপোল বন্দরের  এক হাজার দুইশ' ৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন  ২৩ নং শেডে আকস্মিকভাবে আগুন গেলে যায়।  আগুনে  এ শেডসহ আমদানিকৃত সকল মালামাল পুড়ে গেছে। কি  পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৩ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে  নিয়ে  আসে।  সকাল ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিভে যায়।  আগুন কিভাবে লেগেছে তাও এখন  এই মুহূর্তে বলা যাচ্ছে না  তদন্ত ছাড়া। আজই  ঘটনার  তদন্তে  একটি কমিটি গঠন করা হবে। কমিটি  রিপোর্ট দিলে  পরবর্তী কার্যক্রম শুরু হবে।
 
তিনি আরো  জানান এ বন্দরে ১৯৯৬ সালে একবার বিদ্যুতের সট সার্কিট থেকে কেমিক্যাল শেডে আগুন লেগে  বেশ  ক্ষতি হয়েছিল এবারও এ শেডে  আগুন লেগে একই ধরনের ক্ষতি হয়েছে।
 
 
ইত্তেফাক/আরএ