প্রশ্ন না বাড়ানোর দাবিতে অবরোধ, ঢাকা-টাঙ্গাইল রোডে তীব্র যানজট

 
এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রশ্ন না বাড়ানোর দাবিতে চান্দনা চৌরাস্তায় সড়ক অবরোধ করেছে। সকাল ১১টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থীরা মিছিল সহকারে চান্দনা চৌরাস্তায় এসে একত্রিত হয়। এ সময় তাদের সঙ্গে আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চন্দনার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
 
এ সময় ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। এ খবর পেয়ে গাজীপুরের এডিশনাল এসপি রাসেল শেখ ও জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান সহ পুলিশ এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে।
 
শিক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে ৬টি উত্তর লিখতে সময় লাগত ২ ঘণ্টা। এর সঙ্গে আরো একটি প্রশ্ন যোগ করা হয়েছে। ফলে ৭টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু সে জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হবে যা যোগ করা হয়নি। এ কারণে অতিরিক্ত এই প্রশ্ন বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/আরএ