গফরগাঁওয়ে নিখোঁজ মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার

 
নিখোঁজের দুইদিন পর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী গ্রামের একটি ধান ক্ষেত থেকে শিপন মিয়া (৩৫) নামের ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। নিহতের বাড়ি পার্শ্ববর্তী লংগাইর ইউনিয়নের গন্ডাপাড়া গ্রামে। তার পিতার মৃত রজব আলী।
 
শনিবার সকালে সে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার দুপুরে এলাকাবাসী মশাখালি রেলওয়ে ষ্টেশন থেকে ৪’শ গজ পশ্চিমে মশাখালি গ্রামের সাহাভিটা নামক নির্জন এলাকার ধানক্ষেতে শিপন মিয়ার লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে দুপুর একটার দিকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
নিহতের কপাল ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল। পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরএ