অপহৃত শিশু উদ্ধার : গ্রেফতার দম্পতির রিমান্ড আবেদন

 
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি পল্টুন থেকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর এক শিশুকে উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছ ও অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে রাজধানীর কতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশু রিফাতের মামা সাইফুল ইসলাম সুমন বাদী হয়ে এ অপহরণের ঘটনায় কতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
 
মামলায় গ্রেফতার দম্পতিসহ তিনজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
 
গ্রেফতার হওয়া দম্পতি শরিয়তপুর জেলার মনিরকান্দি চোরবাঘা এলাকার মৃত আজিজ গাজীর ছেলে মো. সাগর গাজী (৩৩) ও তার স্ত্রী নাসিমা গাজী (২৮)। এ ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি বাতেন হাওলাদার পলাতক রয়েছেন।
 
রবিবার বেলা ১১টার দিকে গ্রেফতার ওই দম্পতিকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ও পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওই পরিদর্শক জানান।
 
পুলিশসূত্রে জানা যায়, রিফাতের বাবা ফারুক খাঁন মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন। বাবাকে নিতে ঝালকাঠির মরিচবুনিয়ার কাঁঠালিয়া এলাকার ছেলে রিফাত বাড়ি থেকে পারাবাত-১১ লঞ্চে করে শনিবার ভোরে সদরঘাটে এসে লঞ্চ থেকে নেমে মামা সাইফুল ইসলাম সুমনের জন্য অপেক্ষা করছিল। এ সময় সাগর ও বাতেন নামে দুজন রিফাতের কাছে এসে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তার মামার মোবাইল নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলে রিফাতকে বলে তোমার মামা তোমাকে আমাদের সঙ্গে তার কাছে যেতে বলেছে।
 
রিফাতকে কৌশলে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ টিনের মসজিদ রোড এলাকায় নিয়ে একটি তিন তলা ভবনের নিচ তলার একটি কক্ষে আটকে রেখে অপহরণকারী সাগর ও বাতেন মোবাইল ফোনে রিফাতের মামার কাছে রিফাতের মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করলে রিফাতের মামা সাইফুল ইসলাম ঘটনাটি পুলিশকে জানালে প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে সাগর ও বাতেনের অবস্থান শনাক্ত করে রিফাতকে উদ্ধার করে সাগর ও নাসিমাকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাতেন পালিয়ে যায়।
 
ইত্তেফাক/আরএ