নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৫) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তার কর্মস্থল চৈতী কম্পোজিট লিমিটেডের ভেতরে এ ঘটনা ঘটে।
সহকর্মীর মৃত্যুর সংবাদে শ্রমিকরা বিক্ষোভ করার প্রস্তুতি নিলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এতে পরিস্থিতি শান্ত হয়। নিহত রাজু মিয়া সনমান্দী ইউপির মগবাজার গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
নিহতের চাচা আরিফুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপরদী এলাকায় অবস্থিত তৈরী পোশাক কারখানা চৈতী কম্পোজিট লিমিটেডের নিটিং সেকশনে রাজু মিয়া কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিদ্যুতের সকেটে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন রাজু। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীর মৃত্যুর সংবাদে অন্য শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার প্রস্তুতি নিলে গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানার সব বিভাগে ছুটি ঘোষণা করে। ইত্তেফাক/এমএএস