রাজশাহীতে ট্রাকচাপায় এসআই নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় আজাহার আলী (৫৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।  
 
রবিবার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। আজাহার আলী রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) হিসেবে কর্মরত ছিলেন। আর মাত্র এক বছর চাকরি ছিল তার। আজাহারের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওয়াহেদ আলী। 
 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। ফেরার পথে ওই এলাকাতেই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। 
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি