রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে আটকে রাখা আবদুর রহিম (৩৩) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙাডোবা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় প্রতারকচক্রের এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আবদুর রহিম জেলার গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামের লোকমান আলীর ছেলে।
আটককৃতরা হলেন- নগরীর ডিঙাডোবা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী শোভা খাতুন (২৩), ভদ্রা এলাকার শহর আলীর ছেলে মো. জাহিদ (৩০), শিরোইল এলাকার খালেক মাতবরের ছেলে আকবর আলী (১৮) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. ডলার (১৯)।
রবিবার বিকেলে ৫টায় র্যাব-৫ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাবের স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, সম্প্রতি প্রতারকচক্রের মূলহোতা শোভা খাতুনের সঙ্গে ব্যবসায়ী আবদুর রহিমের মোবাইলে পরিচয় হয়। এরপর আবদুর রহিমকে প্রেমের ফাঁদে ফেলে শনিবার শোভা তাকে তার বাসায় ডাকেন। রহিম সরল বিশ্বাসে তার বাসায় যান। ওই বাসায় আগে থেকেই অপেক্ষায় ছিলেন জাহিদ, আকবর ও ডলার। তারা রহিমকে জোর করে ওই বাসায় আটকে রাখেন। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে শোভা খাতুনের সঙ্গে মোবাইলে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরে তারা রহিমের ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে রহিমকে প্রাণে মেরে ফেলাসহ অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে রহিমের পরিবারের পক্ষ থেকে র্যাব-৫ এর কাছে একটি অভিযোগ করা হয়।
ইত্তেফাক/ইউবি