তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, '১৫টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার আইটি গ্রাজুয়েটকে আইটি টপ আপ এবং ২০ হাজার জনকে ফাউন্ডেশন ট্রেনিং প্রদান করা হচ্ছে।'
তিনি রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
সরকার আইসিটি খাতে মানব সম্পদ উন্নয়নে সুদূরপ্রসারী কার্যক্রম হাতে নিয়েছে এমনটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট এন্ড গভর্নেন্স' শীর্ষক প্রকল্পের আওতায় ৩৪ হাজার জন আইটি প্রফেশনাল তৈরির লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এফটিএফএল তৈরির অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।"
দেশব্যাপী ফ্রি-ল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮০ দশমিক ৪০ কোটি টাকা ব্যয়ে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও এ সময় তিনি জানান।
প্রকল্পের আওতায় দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ১২০ জন মহিলাকে বেসিক আইটি লিটারেসির ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, 'প্রফেশনাল আউটসোর্সিং বিষয়ে ২০০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।' -বাসস।
ইত্তেফাক/এসএস