চাটমোহরে কালোবাজারে চাল বিক্রি, আওয়ামী লীগ নেতার ডিলারশিপ বাতিল

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হিড়িন্দি বাজারে হত দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, সাবেক মেম্বার আব্দুস সালামের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
 
রবিবার বিকেলে উপজেলা তালিকা যাচাই ও ডিলার নিয়োগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিধি মোতাবেক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এতে কমিটির সভাপতি ইউএনও শেহেলী লায়লা সভাপতিত্ব করেন।
 
সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, শুক্রবার ও শনিবার ওই ইউনিয়নের দুই শতাধিক হত দরিদ্র ব্যক্তি চাল কিনতে গিয়ে ফিরে আসেন। ডিলার আ. সালাম চাল উত্তোলন করে কালোবাজারে তা বিক্রি করে দেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে তথ্যের সত্যতা পাওয়ার পর রবিবার কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিলার আ. সালামের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।
 
ডিলার সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সঙ্গে এ বিষয় কথা বলতে তার ব্যক্তিগত মোবাইলে বারংবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ জানান, সরকারি চাল ফেরত দেয়ার জন্য নির্দেশ দেয়া হবে। এরপর তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ