বিয়ের আসর থেকে পালালো বর, কনের মায়ের সাজা

রাজশাহীর বাঘায় বাল্য বিয়ের আসর থেকে বর পালিয়ে রক্ষা পেলেও রক্ষা পাননি কনের মা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাজা দেয়া হয়েছে।
 
সোমবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় দেন। 
 
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাবানা খাতুনের (১৩) বিয়ের আনুষ্ঠানিকতা  চলছি পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার  কানরা গ্রামের সাবদুর রহমানের পুত্র আলামিনের (২২) সঙ্গে। এ খবর জানতে পেয়ে বাঘা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ তার লোকজন পালিয়ে যায় । 
 
এরপর কনে ও তার মা পারুলা বেগমকে আটক করে বাঘা থানার পুলিশ।  পরে তাদের দুজনকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম কনের বয়স কম হওয়ায় তাকে মুক্তি দেন এবং মা পারুলা বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
ইত্তেফাক/ইউবি