শিমুল খানের পরিচিতি রুপালি পর্দার উঠতি খলনায়ক হিসেবে। এরমধ্যে তরুণ অভিনেতা হিসেবে বেশ প্রশংসা পেয়েছেন। যদিও শুধু খলনায়ক পরিচয়ে শিমুল খানের ঘোর আপত্তি। তার ভাষ্য, ‘আমি অভিনেতা হতে চাই।’
বর্তমানে চলচ্চিত্রে বেশ ব্যস্ত সময় পার করছেন। অনেকগুলো চলচ্চিত্রের শুটিং চলছে তবে এই মুহূর্তে টেলিভিশনের মেধাবী নির্মাতা তানিম রহমান অংশুর নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’র শুটিং নিয়েই ব্যস্ত এই অভিনেতা। এই চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে কাজ করছেন মিলন আর শিমুল খান অভিনয় করছেন প্রধান ভিলেন চরিত্রে।
নতুন চলচ্চিত্রের খবর প্রসঙ্গে জানান, ‘অনেকগুলো নতুন ছবি হাতে নিয়ে আছি যেগুলোর শুটিং একের পর এক শুরু হচ্ছে আর পুরনো ছবিগুলো তো আছেই। ইফতেখার চৌধুরী পরিচালিত আমার নতুন ছবি ‘ওয়ানওয়ে’, মুক্তি পাবে অক্টোবর মাসের ৩০ তারিখ।’ চলচ্চিত্রটির গল্প এবং অভিনয় প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘দেশীয় প্রেক্ষাপটে মৌলিক গল্পের ছবি এখন একেবারেই কম। যেগুলো হচ্ছে তাও মেইনস্ট্রিমের না। মূলধারার চলচ্চিত্রে এ ছবিটি নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। যদিও ছবি মুক্তির আগে নিশ্চিত করে কিছুই বলা যায় না। তারপরও গল্পের ধরন দেখে এটুকু বলতে পারি, দর্শকরা দেখে নিরাশ হবেন না।’