কাপাসিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর বিজয়

তৃতীয় ধাপে রবিবার অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়া উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ১১৯টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান ৫৫ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আনিছুর রহমান আরিফ পেয়েছেন ২৫ হাজার ৭৮৫ ভোট।

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আসাদুজ্জামান আসাদ ৩৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীকের হাফিজুল হক চৌধুরী আইয়ুব পেয়েছেন ২৭ হাজার ৮৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের রওশন আরা সরকার ৪৩ হাজার ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীকের মাহমুদা খানম পেয়েছেন ৩৯ হাজার ৩৯৩ ভোট।

ইত্তেফাক/আরকেজি