এখন আমরা স্মার্ট নাগরিক

প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিব উদ্দিন আহমেদ বলেছেন, অধুনালুপ্ত ছিটমহলের মানুষের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিতে পেরে আমরা গর্ববোধ করছি। আপনারা দীর্ঘ ৬৮ বছর অনেক কষ্ট করেছেন আর কষ্ট করতে হবে না। এই স্মার্ট কার্ড পাওয়ার মাধ্যমে আপনারা নাগরিক অধিকার পাবেন।
 
সোমবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অন্তর্গত বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্মার্ট কার্ড নারিগকত্ব পরিচয়ের অনন্য দলিল। আপনারা এটি যত্ন সহকারে রাখবেন। সরকার আপনাদের উন্নয়নে অনেক কিছু করছে। দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস যৌথভাবে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিনি দাসিয়ারছড়ার নতুন ২০জন নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
 
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান সালেউদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব বেগম জেসমিন তুলি, অতিরিক্ত সচিব ড: শাহজাহান, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন- সহকারি অধ্যাপক মামুনুর রশিদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিমা সুলতানা।
 
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসী জয়নব বেগম (৭৫), ইব্রাহীম খানসহ (৭০) স্মার্ট কার্ড পাওয়া অনেকেই তাদের অনুভুতি ব্যক্ত করে জানান, ‘আমরা আজ বাংলাদেশি, আমরা স্মার্ট নাগরিক। আজ আমার হাতে নাগরিকত্বের স্মার্ট স্মার্ট জাতীয় পরিচয়পত্র। ৬৮ বছরের বঞ্চনার ইতিহাস থেকে আমরা আজ মুক্ত। এ আমাদের পরম পাওয়া।
 
 

ইত্তেফাক/এএন