সাতক্ষীরায় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর সম্পত্তি দখলের অভিযোগ

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হীরা লাল বিশ্বাস, দীপক কুমার মণ্ডল, অসিম বরণ চক্রবর্তী, সত্যজিত মণ্ডল প্রমুখ।
 
বিক্ষোভ সমাবেশ শেষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
 
 
ইত্তেফাক/এএন