নাগেশ্বরীতে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

নাগেশ্বরীতে দুই যুবকের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছেন এলাকাবাসী। খেয়া পারাপারে অতিরিক্ত খরচ থেকে রেহাই পেয়েছে ছয় ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ।
 
জেলা পরিষদ ১৯৮৬ সালে ভিতরবন্দ-কালিগঞ্জ সড়কে মন্নেয়ার বিলের উপর এক শ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করেন। এবারে বন্যার পানির তীব্র স্রোতে সেটি ভেঙ্গে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভিতরবন্দ, কালীগঞ্জ, কেদার, কচাকাটা, নারায়নপুর ও বল্লভেরখাস ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ। এ সুযোগে স্থানীয় কিছু ব্যক্তি নদী পারাপারে খেয়া ঘাট বসায়। যে কারণে নৌকায় নদী পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত টাকা গুণতে হয় এ পথে যাতায়াতকারী মানুষদের। এছাড়াও একটু অসাবধানতায় প্রতিদিন কোনো না কোনো পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহী পানিতে পড়ে যেত। অবশেষে পথচারীদের দুর্ভোগ নিরসনে এগিয়ে আসে মন্নেয়ার গ্রামের দুই যুবক মাসুম ও ইমান আলী।
 
বৃহস্পতিবার তাদের উদ্যোগে বৈঠক করে মন্নেয়ার পূর্ব ও পশ্চিম গ্রামের মানুষ। পরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাঁশ সংগ্রহ করে গত শুক্রবার স্বেচ্ছাশ্রমে মন্নেয়ার বিলে এক শ ১৫ হাত দৈর্ঘ্যের বাঁশের সাঁকোটি তৈরি করে এলাকাবাসী।
 
ইত্তেফাক/এএসএইউ