তানোরে পাচারকালে খাদ্য গুদামের ধানভর্তি ট্রাক জব্দ

রাজশাহীর তানোর উপজেলায় পাচারকালে ট্রাকভর্তি সরকারি খাদ্য গুদামের প্রায় ১৬ টন ধান জব্দ করেছে পুলিশ।

 
সোমবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার বুরুজ ব্রিজের কাছ থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে।
 
পুলিশ জানায়, উপজেলার গোল্লাপাড়া সরকারি খাদ্য গুদাম থেকে সোমবার সন্ধ্যার পর একটি ধান-ভর্তি ট্রাক বের হয়ে কাশিমবাজার দিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিলো। এ সময় স্থানীয়রা সরকারি বস্তা ভর্তি ধানবোঝাই ট্রাক দেখে সন্দেহবশত থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি (খাদ্য অধিদফতরের জন্য লেখা) ধানের বস্তা ভর্তি ট্রাক জব্দ করে। এ সময় এই ধানের কোনো মালিক না পাওয়ায় পুলিশ ধানভর্তি ট্রাকটি থানা হেফাজতে নিয়ে যান।
 
এনিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ওসি এলএসডি) মইনুল ইসলাম বলেন, ‘এটা সামান্য ভুল বুঝাবুঝি ছাড়া অন্য কিছু নয়। ধানগুলো উপজেলার সুপরিচিত চাতাল মালিক সেলিমের। আর নিয়ম মাফিক গুদাম থেকে ধানগুলো অন্যত্র যাচ্ছিল।’
তবে রাতের আধারে ধানের এসব বস্তা কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল এমন প্রশ্নে তিনি ব্যস্ত আছেন বলে সকালে সরাসরি কথা বলার পরামর্শ দিয়ে মোবাইল ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।’
 
তানোর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধানভর্তি ট্রাকটি কোনো চালান ছাড়াই আটক করা হয়েছে। কিন্তু থানায় জায়গার স্বল্পতার কারণে খাদ্য গুদামে ট্রাকটি রাখা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ