পাবনায় বোমার আঘাতে শাশুড়ি নিহত, পুত্রবধূ আহত

পাবনা সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে ছামিরন বেওয়া (১০০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলের বউ রেশমা খাতুন (২৫)।
 
মঙ্গলবার উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে শাশুড়ি ছামিরনকে নিয়ে বাইরে বের হন ছেলের বউ রেশমা। টয়লেটে যাবার পথে তাদের লক্ষ্য করে বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তারা চিৎকার করলে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে শাশুড়ি ছামিরন বেগমের মৃত্যু হয়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বলরামপুর গ্রাম ও পার্শ্ববর্তী চর বলরামপুর গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে এ হামলা হতে পারে বলে তাদের ধারণা।
 
ইত্তেফাক/এএসএমইউ