আবারো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের সুরজিত চন্দ্র বর্মনের বাড়ির মা ভবানী দুর্গা মন্দিরের প্রতিমা সোমবার গভীর রাতের কোনো এক সময়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন দেখতে পান প্রতিটি প্রতিমার মাথাগুলো ভাঙা এবং ওই দুর্গা মন্দিরের মেঝেতে হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরে একটি প্রতিমার ডান হাত ভেঙে ছিল দুর্বৃত্তরা।
মা ভবানী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুরজিত চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক কমল চন্দ্র বলেন, আমাদের মন্দিরের মূর্তি কে বা কারা ভাঙচুর করেছে তা আমরা দেখিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন প্রতিমা ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিঠিতে সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের অনুরূপ লেখা আছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাবিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত. গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের একটি প্রতিমার ডান হাত ভেঙে ফেলে মন্দিরে হাতে লেখা একটি চিঠি রেখে যায় দুর্বৃত্তরা।
ইত্তেফাক/এএম।