আট মাসে ৪৬ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় ৪৬ কিলোমিটার অবৈধ লাইন ও প্রায় ২৬ হাজার ৯৮৩টি বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য কামরুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় পরিচালিত ৩৭টি অভিযানের মাধ্যমে ৪৬ কিলোমিটার অবৈধ বিতরণ করা লাইন ও প্রায় ২৬ হাজার ৯৮৩টি বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
তিনি বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিভুক্ত এলাকায় গত আগস্ট মাসের অভিযানে ৯টি অবৈধ লাইন উচ্ছেদ ও ২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিভুক্ত এলাকায় গত আগস্ট মাসে পরিচালিত অভিযানের মাধ্যমে ২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসস।