বদরুল আলমকে শাবি থেকে বহিষ্কার

সিলেট সরকারি মহিলা কলেজের বিএ (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তারকে কুপিয়ে আহত করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘটনা তদন্তে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শাহপরাণ হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক শাহেদুল হোসেন ও সহকারী প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল। 
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
উল্লেখ্য, বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক।
 
ইত্তেফাক/ইউবি