পাইপে পড়ে জিহাদের মৃত্যু: অভিযোগ গঠন

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
 
সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
 
আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।
 
বাদী পক্ষের আইনজীবী জসিমউদ্দিন খান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে জামিনে থাকা আসামিরা সবাই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
 
শুনানি শেষে বিচারক তাদের আবেদন নাকচ করে দেন। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। বিচারক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অভিযোগ গঠন করে। এর আগে গত ৩১ মার্চ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
 
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর খেলার সময় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পানির পাম্পের পাইপের ভেতর পড়ে যায় শিশু জিহাদ। ২৩ ঘণ্টা পর মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের বাবা মো. নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস