হোম ইকোনোমিকস কলেজের শিক্ষার্থীদের ৭ ঘন্টা সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ইনস্টিটিউট করার দাবিতে প্রায় ৭ ঘন্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে।
 
এসময় নিউমার্কেট, মিরপুর, আজিমপুর, পলাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড রোদের মধ্যে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিকাল ৫ টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
 
পরে শিক্ষামন্ত্রী বিকালে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) একটি অনুষ্ঠানে গেলে শিক্ষার্থীরা সেখানে গিয়ে অবস্থান নেন। শিক্ষার্থীরা কথা বলতে চাইলে শিক্ষামন্ত্রী তাতে রাজি হননি। এর আগে সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানকেও অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
 
শিক্ষার্থীরা জানান, আমাদের প্রবেশপত্র, সার্টিফিকেট সব কিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিতে পারছি না। তারা আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল, হোম ইকোনোমিকস কলেজকে ঢাবির ইনস্টিটিউট করতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। গত ২১ সেপ্টেম্বর কলেজটিতে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে ঢাবি উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন। কিন্তু স্মারকলিপি দেওয়ার সময় দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
 
 
ইত্তেফাক/এএন