ঝিনাইগাতীতে উদ্ধার হয়নি কোটি টাকার সরকারি সম্পত্তি

ঝিনাইগাতী উপজেলা কৃষি বিভাগের কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি দু মাসেও উদ্ধার হয়নি।  ওই জমির উপর ইউএনও অফিসের অফিস সহকারী ইনছান আলী বাসভবন নির্মাণ করেছেন। নির্মাণের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। কিন্তু তিনি তা না মেনে অবৈধভাবে বাসভবন নির্মাণ করেন। ওই জমি উদ্ধারের ব্যাপারে উপজেলা কৃষি অধিদপ্তর ও এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগও করা হয়। কিন্তু গত দুই মাসেও দখলীয় জমি উদ্ধার হয়নি। অভিযোগ রয়েছে, ইনছান আলী প্রভাব খাটিয়ে ওই জমিটি তার নামে করে নেন।  এদিকে ইনছান আলী বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই বাসভবন নির্মাণ করা হয়েছে।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, সরকারি জমি উদ্ধারের ব্যাপারে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম বলেন, বাসভবন উচ্ছেদ করে সরকারি জমি দখলে আনার প্রক্রিয়া হচ্ছে।  
 
 
ইত্তেফাক/এএন