পূর্বধলায় ইউপি চেয়ারম্যানের ছেলের হাতে স্কুলছাত্রী লাঞ্চিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা-কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী লাঞ্ছিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে তাকে লাঞ্ছিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে শাহাদাত হোসেন (২০) ও তার সঙ্গীরা।
 
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে।  খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজল ঘটনাস্থলে পৌঁছে  বখাটেদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। তখন এলাকাবাসী মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
 
জানা গেছে, উপজেলার বিশকাকুনি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনের ছেলে ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ভাতিজা শাহাদাত হোসেন মঙ্গলবার দুপুর ১টার দিকে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে বিদ্যালয়ের ভেতরে উত্যক্ত করলে দৌড়ে মেয়েটি শিক্ষকদের রুমে আশ্রয় নেয়। বখাটে শাহাদাত সেখানে প্রবেশ করে শিক্ষকদের সামনেই মেয়েটিকে মারধর করে। খবর পেয়ে মেয়ের বাবা  ঘটনার প্রতিবাদ করতে এলে বখাটেরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন মেয়েটিকে এবং তার বাবাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ১২ ঘন্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তারের আশ্বাস দেয়।
 
উল্লেখ্য মাসখানেক আগে শাহাদাত হোসেন শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী চলাকালে হট্রগোল শুরু করলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা । কেন্দ্রীয় আ’লীগ নেতা আহমদ হোসেনের ভাতিজা হওয়ার সুবাধে সেই যাত্রায় শাহাদাত হোসেনকে অভিভাবকরা মুচলেকা দিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছিল। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজল বলেন, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। আমি ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছি।
 
পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে উপজেলার গোহালাকান্দা গ্রামের আবুল কালামের ছেলে আবুল খায়েরকে (২২) আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

ইত্তেফাক/এএন