মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক হামলার শিকার

মেহেরপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবনগর ডিগ্রি কলেজের প্রভাষক মোরাদ হোসেনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
 
মঙ্গলবার বিকালে সদর উপজেলাধীন মেহেরপুর-মুজিবনগর সড়কে চকশ্যামনগর গ্রামের মাঠ এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী শাহিনুর রহমানসহ তার লোকজন এ হামলা চালায়। এ ব্যাপারে আহত প্রভাষক মোরাদ হোসেন বাদী হয়ে জেলা সদর থানায় মামলা করেছেন। মোরাদ হোসেন গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে।
 
মামলার বিবরণে জানা গছে, মোরাদ হোসেন মোটরসাইকেলে করে কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের মাঠের কাছে পৌঁছালে আইনজীবী শাহিনুর রহমান এবং বামনপাড়া গ্রামের নান্নুর দুই ছেলে আসাদুল ইসলাম ও রাশেদ তার মোটরসাইকেলের গতি রোধ করে। পরে আইনজীবী শাহিনুর রহমান প্রভাষক মোরাদ হোসেনের মাথায় থাকা হেলমেট খুলে তাকে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে অপর দুই আসামি আসাদুল ইসলাম ও রাশেদ ইট দিয়ে তার শরীরে আঘাত করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
 
তবে অভিযুক্ত আইনজীবী শাহিনুর রহমান মোবাইল ফোনে হামলার কথা অস্বীকার করেছেন।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহিদী হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ