মেহেরপুরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

 
মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে মেহেরপুর-মুজিবনগর সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও একই প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা।
বুধবার সকাল ১১টার দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সামনের সড়কে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টা এ বিক্ষোভ চলে। এ সময় ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে নেতৃত্ব দেন ওই কলেজের ছাত্র শাহ্ অলিউল্লাহ সোহাগ।
এদিকে একই সময়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু।
এতে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম সোলাইমান ও মেহেরপুর সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কাবিল উদ্দীন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মঙ্গলবার কলেজ থেকে ফেরার পথে মুজিবনগর সরকারি কলেজের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর হামলা চালায় এক আইনজীবী ও তার অনুগামী লোকজন। ইত্তেফাক/এএসএমইউ