কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা : প্রতিবাদে উত্তাল সিলেট

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সিলেট উত্তাল হয়ে উঠেছে।  
 
বুধবার সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এ সব বিক্ষোভে ছাত্র-শিক্ষক-রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন। বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  
 
এদিকে খাদিজার ওপর হামলার প্রতিবাদে বুধবার তার সহপাঠীরা ক্লাস বর্জন করে। তারা বিক্ষোভ করে কথিত প্রেমিক বদরুলের ফাঁসি দাবি করেছেন। একই দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ মানুষ সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। 
 
প্রসঙ্গত, খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের  স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় কলেজের পুকুর পাড়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭) তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। পরে মূমূর্ষ অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 
 
বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার অবজারভেশনে রেখেছেন। ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।
 
ইত্তেফাক/ইউবি