রায়গঞ্জ-রাঙ্গালীবস সড়কের বেহাল দশা

নাগেশ্বরীতে সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে রায়গঞ্জ হাসপাতাল থেকে রাঙ্গালীবস আবাসন পর্যন্ত তিন কিলোমিটার পাকা সড়ক। দুর্ভোগে দুই সহস্রাধিক মানুষ। প্রায় প্রতিদিন পথচারীদের যানবাহন উল্টে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
 
গত ২০০১ সালে উপজেলার রায়গঞ্জ-রাঙ্গালীবস সড়কটি পাকা করা হয়। নিম্নমানের কাজ হওয়ায় ওই বছরেই এর কার্পেটিং উঠে যায়। সৃষ্টি হয় অসংখ্য খানা-খন্দকের। প্রতিবছর ঝড়-বৃষ্টিতে মাটি ক্ষয়ে বের হয়েছে ছোট ছোট ইটের টুকরোগুলো। একটু অসাবধানতায় সুচালো সে ইটের টুকরোয় পা কেটে রক্তাক্ত হয় পথচারী।  ১৫ বছর ধরে দুর্ভোগকে সঙ্গী করে চলাচল করছে রাঙ্গালীবস, ধাউরারকুটি, পূর্ব রাঙ্গালীবস, পার্শ্ববর্তী উপজেলার আন্ধারীঝাড়, খামার আন্ধারীঝাড় গ্রামের দুই সহস্রাধিক মানুষ। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
 
 
ইত্তেফাক/এএন