ইউপি চেয়ারম্যানের ছেলের হাতে স্কুলছাত্রী লাঞ্ছিত প্রতিবাদে সড়ক অবরোধ

উপজেলার জালশুকা-কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টশ্রেণির এক ছাত্রীকে (১৪) মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে শাহাদাত হোসেন (২০) ও তার কতিপয় সঙ্গীরা। এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী নেত্রকোনা-ময়মনসিংহ  মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে।
 
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজল ঘটনাস্থলে পৌঁছে বখাটেদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। জানা গেছে, উপজেলার বিশকাকুনি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনের ছেলে শাহাদাত হোসেন মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীকে বিদ্যালয়ের ভেতরে উত্ত্যক্ত করলে দৌড়ে মেয়েটি শিক্ষকদের রুমে আশ্রয় নেয়। বখাটে শাহাদাত সেখানে প্রবেশ করে শিক্ষকদের সামনেই মেয়েটিকে মারধর করে। খবর পেয়ে মেয়ের বাবা ঘটনার প্রতিবাদ করতে আসলে বখাটেরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজল বলেন, ‘জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। আমি ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত অভিযোগে উপজেলার গোহালাকান্দা গ্রামের আবুল কালামের ছেলে আবুল খায়েরকে (২২) আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন