জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর আহ্বান

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং খনিজ পদার্থের অভাব পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।
 
কৃষক মাঠ দিবস উপলক্ষে নীলফামারীর সদর উপজেলার নেসারতারি গ্রামে বুধবার একটি এনজিও প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ আয়োজিত জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান-৬২ এর চাষ প্রযুক্তি ও এর ফলাফল প্রদর্শনী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
 
এনজিওটি কৃষকদের সহায়তা বাড়াতে হারভেস্টপ্লাস চ্যালেঞ্জ কর্মসূচির আওতায় নীলফামারীর চারটি উপজেলায় ৪১৫ একর জমিতে এক হাজার ২৪৫টি প্রদর্শনী প্লট স্থাপন করেছে।
 
কৃষক আবদুর রহমানের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় চাপড়া সরমজানি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রস্রাণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবু সালেক ও আরডিআরএস বাংলাদেশের কৃষি ও পরিবেশ সমন্বয়কারী মামুনুর রশিদ।
 
নীলফামারীর আরডিআরএস বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী কেএম রাশেদুল আরেফিন তার স্বাগত বক্তব্যে জেলায় জিঙ্ক সমৃদ্ধ ব্রি দান ৬২-এর সম্ভাবনার বর্ননা দেন।
 
রাশেদুল আরেফিন বলেন, দেশে জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান-৬২ জাতের ধান চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। কারণ স্বল্প মেয়াদি এই ধান ১০০ দিনের মধ্যে সংগ্রহ করা হয়ে থাকে।
 
কৃষক প্রতিকূল আবহাওয়ায় একই জমি তিন ফসলের পরিবর্তে বার্ষিক চার ফসলী জমি হিসেবে ব্রি ধান -৬২ চাষ করতে পারে এতে পুষ্টি চাহিদা পূরণ সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
 
ড. খায়রুল বাশার কৃষি কর্মকর্তা ও কৃষকদের শুধুমাত্র অধিক লাভের জন্য নয়, জনসাধারণের খনিজ পদার্থের অভাব পূরণের জন্য জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর আহ্বান জানান।
 
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মানুষ তাদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরনের জন্য ভাতের উপর নির্ভরশীল কিন্তু সুস্থভাবে জীবনযাপনের জন্য যথেষ্ট পরিমান আনুবিক্ষণিক উপাদান সাধারণ চালে থাকে না।
 
তিনি বলেন, জিঙ্ক, আয়রণও ভিটামিনের মত তিনটি গুরুত্বপূর্ণ খনিজের অভাব পূরণের জন্য জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান- ৬২ চাষ বাড়ানো যেতে পারে।
তিনি সুস্বাস্থ্যময় জাতি গঠনে ও মাতৃ, নবজাতক ও শিশু মৃত্যুর হার কমাতে শিশু, গর্ভবতী নারী ও সাধারণ মানুষের জিঙ্ক অভাব পূরণের জন্য ব্রি ধান-৬২ চাষ বাড়নোর জন্য কৃষকদের পরামর্শ দেন। বাসস।