ফুলপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

ময়মনসিংহের ফুলপুরের আড়াই বছরের শিশু জোনাকী আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 
 
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দিয়েছেন। 
 
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি কবির উদ্দিন ভূইয়া জানান, ফুলপুরের সলংঙ্গা গ্রামের এমদাদুল হকের মেয়ে আড়াই বছরের শিশু জোনাকী আক্তারকে একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (২০) ২০১৩ সালের ২৬ জুলাই অপহরণ করে। পরে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। জসিম উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বাড়ির পাশের জঙ্গল থেকে জোনাকীর লাশ উদ্ধার করে। 
 
এ ব্যাপারে শিশুর পিতা এমদাদুল হক ২৭ জুলাই ফুলপুর থানায় মামলা দায়ের করে। অভিযুক্ত জসিম উদ্দিন আদালতে শিশু জোনাকীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে।
 
ইত্তেফাক/ইউবি