সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, দেশে খাদ্য উৎপাদন কয়েকগুণ বেড়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের মাধ্যমে। বাজারে শাক-সবজি, মাছ, ফলমূলের কোনো অভাব নেই। কিন্তু এসবে এত কীটনাশক ও ফরমালিন যে কিছুই খাওয়া যায় না। মাছের বাজারে আগে মাছি ভ্যান-ভ্যান করতো, এখন বাজারে কোথাও মাছি নেই। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে খাদ্যদ্রব্যে এই অতিরিক্ত কীটনাশক ও ফরমালিনের ব্যবহার বন্ধ করতে পারেন, কিন্তু তিনি সেই ইচ্ছা পোষণ করবেন কিনা জানি না। যদি না করেন তাহলে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বেন কীভাবে!
বৃহস্পতিবার সংসদে দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সংসদে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রওশন বলেন, শাক-সবজি, ফলমূল্যে রাসায়ণিকের ব্যবহার বন্ধ না করলে আপনি কীভাবে ডিজিটাল বাংলাদেশ গড়বেন? এসব বন্ধ করা হয় না কেন? আমরা কেন আগামী তরুণ প্রজন্মকে নিরাপদ খাদ্য দিতে পারছি না! মানুষ বিষ খেয়ে বিষ হজম করছে। তাহলে আপনি কাদের নিয়ে সোনার বাংলা গড়বেন? সবাই তো অসুস্থ। আমরা শুধু বারবার বলেই যাচ্ছি, কথায় আছে- বোকারাম বলে যা আর শোনাওয়ালা শুনে যা। এগুলোর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেয়া হয়নি কেন? অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে এসব বন্ধ হবে না।
রওশন বলেন, খাদ্যদ্রব্যে এসব রাসায়নিক মেশাচ্ছে প্রভাবশালীরা, এজন্য তাদের শাস্তি হয় না। এই প্রভাবশালীরা কারা?
বিরোধী দলীয় নেতা বলেন, দেশে শিক্ষার কোনো মান নেই, শুধু পাসের হার বাড়ানো হচ্ছে। শিক্ষামন্ত্রীকে বলবো- আগের সিস্টেমে ফিরে যান। এসব পড়াশোনা দিয়ে কিছু হবে না, আমাদের ছেলে-মেয়েদের বিদেশে কোথাও স্থান হবে না।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও সরকার ভালো কাজ করছেন। পাশাপাশি দেশে কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। কর্মসংস্থানের অভাবে অনেক শিক্ষিত ছেলে-মেয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ জঙ্গিবাদেও জড়াচ্ছে।
ইত্তেফাক/এমআই